
মালদা, নিজস্ব সংবাদদাতা:- শনিবার সকালে দক্ষিণ দিনাজপুরের বোল্লা কালীমেলা থেকে মালদার উদ্দেশে ফেরার পথে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ৫১২ নম্বর জাতীয় সড়কের গাজোলের দেওতলা এলাকায় এক চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে বেপরোয়াভাবে ধাক্কা মারে। একই সঙ্গে সড়কের ধারে বসে থাকা এক ব্যক্তিও গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হন।
আহত ব্যক্তির নাম ওম প্রকাশ সাহা (৪৭)। তাঁকে দ্রুত গাজোল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা ওই জাতীয় সড়কে অবিলম্বে বাম্পার দেওয়ার দাবি তুলে বিক্ষোভে সামিল হন। প্রায় এক ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করে রাখায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় দেওতলা এলাকায়।
পরে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে, তাই দ্রুত বাম্পার নির্মাণ না হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।












Leave a Reply