
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির নির্দেশ জারি হতেই দক্ষিণ দিনাজপুর সীমান্তে কার্যত বাজ পড়েছে প্রশাসনের মাথায়। সম্ভাব্য অস্থিরতার সংকেত মিলতেই জেলা প্রশাসন জারি করেছে নজিরবিহীন কড়া নির্দেশিকা। আগামী ৬০ দিন, অর্থাৎ ১৮ নভেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত, সীমান্তজুড়ে জারি থাকছে রাতভর বিশেষ নিষেধাজ্ঞা। ইতিমধ্যেই নির্দেশিকা পাঠানো হয়েছে সীমান্তের ছয় থানায়—বালুরঘাট, কুমারগঞ্জ, হিলি, গঙ্গারামপুর, কুশমন্ডি এবং তপন থানায়।
জেলা শাসক বালাসুব্রহ্মণ্যম টি. বিএনএস-এর ১৬৩ ধারা অনুযায়ী যে নির্দেশিকা জারি করেছেন, তাতে স্পষ্ট জানানো হয়েছে—সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ৭৭ রকম পণ্য নিয়ে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টার মধ্যে প্রবেশ বা বহির্গমন সম্পূর্ণ নিষিদ্ধ। চাল, ডাল, মাংস, শিশু খাদ্য থেকে শুরু করে বৈদ্যুতিক সামগ্রী, ধাতু, সাইকেল, রিকশা, টায়ার-টিউব—প্রায় সব জরুরি ব্যবহারের পণ্যই রয়েছে কালো তালিকায়। মাথায় বোঝা, রিকশা, সাইকেল, টেম্পো, ট্রাক—কোনো পরিবহনেই এগুলি বহন করা যাবে না।
শুধু পণ্য নয়, মানুষ ও পশুর চলাচলও টার্গেটে। নির্দেশিকায় বলা হয়েছে— রাতে সীমান্ত থেকে ৩০০ মিটারের মধ্যে গবাদিপশু চরানো যাবে না। আর সীমান্ত বেড়া থেকে ৫০ মিটারের মধ্যে ৩ ফুটের বেশি উচ্চতার যে কোনও ফসল চাষও এবার বন্ধ। প্রশাসনের যুক্তি—উচ্চ ফসলের আড়ালেই রাতের অন্ধকারে পণ্য ও গবাদিপশু পাচারের রমরমা ব্যবসা চলে। পাচারকারীদের দৌরাত্ম্য সীমান্তবাসীর নিরাপত্তা, এমনকি প্রাণহানির সম্ভাবনাও তৈরি করে।
প্রশাসনের একাংশের মতে, হাসিনার ফাঁসিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক উত্তাপ সীমান্তে প্রভাব ফেলতেই পারে। তাই এই অতিরিক্ত সতর্কতা। তবে জেলা শাসক তা মানতে চাননি। তাঁর দাবি— “এটি একটি রুটিন সিকিউরিটি মেজার। সীমান্তে এমন নির্দেশিকা বহু সময়ই জারি থাকে।”
কিন্তু মাটির মানুষ ভিন্ন কথা বলছেন। দক্ষিণ দিনাজপুরের সীমান্তজুড়ে এখন রীতিমতো উদ্বেগের মেঘ। স্থানীয়দের আশঙ্কা—এই নিষেধাজ্ঞা চলাকালীন সন্ধ্যার পর বাড়ি থেকে এক কদম বের হওয়াও কঠিন হয়ে পড়বে। বাজার করা, শিশুদের খাবার আনা, মাছ বা শাকসবজি বিক্রি, কৃষিকাজের প্রয়োজনীয় জিনিস আনা—সবই বাধার মুখে।
সীমান্তের প্রতিটি গ্রামে এখন জ্বলজ্বলে প্রশ্ন—
নিরাপত্তার নামে এই কঠোর নির্দেশিকা কি সীমান্তবাসীর নিত্যজীবনকেই সবচেয়ে বেশি চেপে ধরবে আগামী দুই মাস?












Leave a Reply