এক মাসের শিশুর হৃদয়ে ফুটো, চিকিৎসার খরচে দিশেহারা পরিবার—সহানুভূতির হাত বাড়ালেন সমাজসেবী বাবলু রহমান।

Oplus_131072

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মাত্র এক মাস বয়সেই হৃদয়ে ফুটো ধরা পড়েছে এক নিষ্পাপ শিশুর। সন্তানের এমন জটিল রোগ ধরা পড়তেই ভেঙে পড়েছে পরিবার। চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা জোগাড় করা এই মুহূর্তে প্রায় অসম্ভব হয়ে উঠেছে। ঘটনাটি ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কচিপাতা এলাকার বাসিন্দা সংগ্রাম সরকারের পরিবারকে চরম দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। পেশায় কাপড়ের দোকানের কর্মী সংগ্রাম সরকার সামান্য আয়ে কোনও রকমে সংসার চালালেও, শিশুর জন্মের পর এমন রোগের দিশেহারা হয়ে পড়েছেন তিনি ও তাঁর পরিবার। চিকিৎসকদের মতে, শিশুটির হৃদয়ে অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসা অত্যন্ত জরুরি, যার জন্য প্রয়োজন বিপুল অর্থ যা এই পরিবারের সাধ্যের বাইরে। এই কঠিন সময়ে মানবিকতার হাত বাড়িয়ে দিলেন জটেশ্বরের বিশিষ্ট সমাজসেবী বাবলু রহমান। বৃহস্পতিবার তিনি ব্যক্তিগত উদ্যোগে অসহায় পরিবারটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি ভবিষ্যতেও শিশুটির চিকিৎসার প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন তিনি। তাঁর এই সহানুভূতিশীল উদ্যোগ পরিবারটির মনে কিছুটা হলেও ভরসা জুগিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *