
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- স্টেম অর্থাৎ সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সের উপর এই প্রথম বার কর্মশালা হলো বালুরঘাটের কাছেই অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনে। পরিচালনায় ছিল কলকাতার দীনবন্ধু ট্রাস্ট। উপস্থিত ছিল দীনবন্ধু ট্রাস্টের সম্পাদক শৈবাল মিত্র এবং বিজ্ঞানী রমেন্দ্রলাল মুখার্জী।
দীনবন্ধু ট্রাস্টের পরিচালনায় দক্ষিণ দিনাজপুর জেলায় দুটো বিদ্যালয়ে স্টেমের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। সেই দুটি বিদ্যালয় হলো অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতন এবং বালুরঘাট হাই স্কুল। ২৭-২৮ জানুয়ারি দুদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন দুটি বিদ্যালয়ের দশ জন শিক্ষক, শিক্ষিকারা। বায়ু চাপ, সাধারণ মাইক্রোস্কোপ, বিজ্ঞান ভিত্তিক ম্যাজিক সহ অনেক কিছু দুদিনের এই কর্মশালায় শেখানো হয়।
অঙ্ক, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞানের শিক্ষক, শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের জন্য হাতে কলমে বিজ্ঞান শিক্ষার এই কর্মশালায় যুক্ত হয়ে জানিয়েছেন ‘এই ধরনের কর্মশালায় প্রথমবার অংশ নিতে পেরে তারা ভীষণ খুশি এবং উপকৃত।’
কর্মশালার উদ্বোধনে উপস্থিত ছিলেন আয়োজক অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষিকা নন্দিতা দাস। দক্ষিণ দিনাজপুরে স্টেম বিষয়ক উদ্যোগের নোডাল শিক্ষক তুহিনশুভ্র মণ্ডল জানান, ‘ আপাতত দক্ষিণ দিনাজপুরে দুটো বিদ্যালয়ে এই উদ্যোগ শুরু হয়েছে। আশা রাখি আগামীতে অন্যান্য বিদ্যালয়েও এইভাবে স্টেমের মাধ্যমে হাতে কলমে বিজ্ঞান শিক্ষাকে পৌঁছে দেওয়া যাবে। বিজ্ঞানের প্রতি উৎসাহ এবং ভালোবাসা বৃদ্ধিই এই স্টেম কর্মশালার প্রধান উদ্দেশ্য।’












Leave a Reply