
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :- সরকারি হাসপাতাল নাকি খড়ির দোকান! বালুরঘাটের খাসপুর গ্রামীণ হাসপাতালের চিত্র দেখে রীতিমতো চমকে উঠছেন সাধারণ মানুষ। হাসপাতালের মূল চত্বরে কাঁটা ঝুলিয়ে দীর্ঘদিন ধরেই রমরমিয়ে চলছে খড়ি ও কাঠের ব্যবসা। পাহাড়প্রমাণ খড়, গাছের ডাল ও গুড়িতে কার্যত দখল হয়ে গিয়েছে সরকারি জমি। অথচ এই অবৈধ দখল চোখে পড়লেও ব্লক স্বাস্থ্য দপ্তর থেকে জেলা স্বাস্থ্য দপ্তর—কোনও স্তরেই দেখা যায়নি কার্যকর উদ্যোগ। বালুরঘাট ব্লকের অন্তর্গত এই পুরনো গ্রামীণ হাসপাতালের উপর নির্ভরশীল আশপাশের প্রায় ২০ থেকে ২৫টি গ্রামের মানুষ। সেই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রের একাংশ দখল করেই খড়ির ব্যবসা চালাচ্ছেন স্থানীয় বাসিন্দা সুশান্ত মৈত্র ওরফে হাবুল। তাঁর দাবি, জমি ফাঁকা থাকায় ব্যবহার করছেন, নিষেধ পেলেই দোকান তুলে নেবেন। ব্লক স্বাস্থ্য আধিকারিক অপর্ণা সরকার জানান, সরকারি জমিতে এমন কাজ আইনসঙ্গত নয়। বাউন্ডারি ওয়াল না থাকাতেই সমস্যা বেড়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—এতদিন কেন নীরব প্রশাসন? দ্রুত হস্তক্ষেপের দাবি তুলছেন এলাকাবাসী।












Leave a Reply