
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রামনবমী উপলক্ষে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরে বের হল এক বর্ণাঢ্য শোভাযাত্রা। শুক্রবার বেলা প্রায় ১১টা নাগাদ কালিতলা এলাকা থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের চৌপথি, বাসস্ট্যান্ড, দত্তপাড়া, হাইস্কুলপাড়া ও নিউমার্কেট ঘুরে পুনরায় কালিতলাতেই এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ভিড়ে গোটা শহরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়, জেলা সহ-সভাপতি অশোক বর্ধন এবং গঙ্গারামপুর টাউন মণ্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
শোভাযাত্রায় ঢাক-ঢোল ও ডিজের তালে তালে অংশগ্রহণকারীদের নৃত্য শহরের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই শোভাযাত্রা দেখতে ভিড় জমান।
তবে মিছিলে বহু যুবককে হাতে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে অংশ নিতে দেখা যায়, যা সাধারণ মানুষের নজর কাড়ে। পাশাপাশি শোভাযাত্রার কারণে চৌপথি ও বাসস্ট্যান্ড এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসন ছিল তৎপর। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। কড়া নিরাপত্তার মধ্যেই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এই শোভাযাত্রা।
শহরজুড়ে ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গঙ্গারামপুর।












Leave a Reply