
মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল মালদার রতুয়া-২ নম্বর ব্লকের পীরগঞ্জ অঞ্চল। বিক্ষোভের জেরে মঙ্গলবার বসতে দেওয়া হল না অচিনতলার সাপ্তাহিক হাট।
জানা গেছে, এসআইআর প্রক্রিয়ায় পীরগঞ্জ অঞ্চলের একাধিক বুথে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। এর প্রতিবাদে সোমবার থেকেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পথ অবরোধ করে বিক্ষোভও দেখান তাঁরা।
তবে বিক্ষোভের মাত্রা আরও বাড়ে মঙ্গলবার। বিক্ষোভকারীরা অচিনতলার সাপ্তাহিক হাট বসতে বাধা দেন। ফলে যেখানে প্রতি সপ্তাহে জনসমাগমে গমগম করে অচিনতলা হাট, সেখানে এদিন দেখা যায় সম্পূর্ণ নিস্তব্ধতা।
পরিস্থিতির জেরে অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে প্রায় এক কিলোমিটার দূরে পুখুরিয়া অঞ্চলের নওয়াগামা মোড় এলাকায় অস্থায়ীভাবে ছোট আকারে হাট বসান। পসরা সাজিয়ে বসলেও সেখানে ক্রেতাদের উপস্থিতি ছিল অত্যন্ত কম।
স্থানীয়দের হুঁশিয়ারি, ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম পুনরায় যুক্ত না করা পর্যন্ত আন্দোলন আরও জোরদার করা হবে।












Leave a Reply