
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- উন্নয়নকে হাতিয়ার করে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জোরদার প্রচারে নামলেন স্বপন দেবনাথ। মঙ্গলবার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুরের মুড়িগঙ্গা এলাকায় প্রচারে গিয়ে একাধিক উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন তিনি।
প্রচারসভায় স্বপন দেবনাথ জানান, প্রায় কুড়ি বছর আগে কাশ্মীরের ডাল লেকে জলাশয় পরিষ্কারের আধুনিক পদ্ধতি দেখেছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই অনুপ্রাণিত হয়ে নিজের এলাকায় মুড়িগঙ্গা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে বোর্ডের উপর জেসিপি মেশিনের সাহায্যে কচুরিপানা সরিয়ে নদী পরিষ্কারের কাজ চলছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে মজে যাওয়া মুড়িগঙ্গার কারণে বর্ষাকালে এলাকার মানুষকে ভয়াবহ সমস্যার মুখে পড়তে হতো। অনেক সময় বানভাসি হয়ে স্টেশন এলাকায় আশ্রয় নিতে বাধ্য হতেন বাসিন্দারা। এখন প্রায় সাড়ে সাত কিলোমিটার জুড়ে নদী সংস্কারের কাজ চলছে এবং নদীর ধার ঘেঁষে রাস্তা তৈরির পরিকল্পনাও রয়েছে।
এছাড়াও, নদী থেকে তোলা কচুরিপানা দিয়ে জৈব সার তৈরির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দাদের কথায়, একসময় বসবাসের অযোগ্য ছিল এই এলাকা। কিন্তু বর্তমানে নদী সংস্কার এবং রাস্তা নির্মাণের সম্ভাবনার কারণে এলাকায় জমির চাহিদা বেড়েছে। অনেকেই এখানে বসবাসের জন্য জমি কিনতে আগ্রহ দেখাচ্ছেন।
আসন্ন নির্বাচনের আগে উন্নয়নের এই চিত্র তুলে ধরে মানুষের সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।












Leave a Reply