
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ভাষা দিবস উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গঙ্গারামপুরে প্রকাশিত হল ‘উৎস সাহিত্য’ পত্রিকার পঞ্চম সংখ্যা। মঙ্গলবার বেলা ২টা নাগাদ নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ-এর বিবেকানন্দ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই জেলা ও জেলার বাইরের বিশিষ্ট কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে কবিতা পাঠ, আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশিত হয়। সাংস্কৃতিক পরিবেশনায় ভরপুর এই আয়োজনে উপস্থিত দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতির্ময় রায়। পাশাপাশি উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক ড. গুরুদাস বিশ্বাস, সভাপতি ড. অপূর্ব লাল মজুমদার, সহ-সভাপতি যাদব চন্দ রায়, সহ-সম্পাদক ও প্রকাশক পঙ্কজ সরকার এবং কর্মকর্তা অনিল সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পত্রিকার পঞ্চম সংখ্যা প্রকাশের মাধ্যমে ভাষা দিবসের তাৎপর্য এবং বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আয়োজকদের মতে, এই পত্রিকা নবীন ও প্রবীণ লেখকদের সৃষ্টিশীলতা তুলে ধরার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
অনুষ্ঠানের শেষে অতিথিদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। সাহিত্য ও সংস্কৃতির এক অপূর্ব মিলনমেলায় পরিণত হয় গোটা আয়োজন।












Leave a Reply