
মালদা, নিজস্ব সংবাদদাতা: — মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও রাজ্যের মেধা তালিকায় উজ্জ্বল সাফল্য অর্জন করল মালদহ জেলা। রাজ্যের অষ্টম ও নবম স্থান দখল করে জেলার মুখ উজ্জ্বল করেছে দুই কৃতী ছাত্র। তাঁদের এই সাফল্যে খুশির হাওয়া ছড়িয়েছে গোটা জেলাজুড়ে।
রাজ্যের অষ্টম স্থান অধিকার করেছে মালদহ শহরের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির-এর ছাত্র অরিত্র সাহা। মালদহ শহরের ঝলঝলিয়া দেশবন্ধু পাড়া এলাকার বাসিন্দা অরিত্র উচ্চমাধ্যমিকে মোট ৪৮৯ নম্বর পেয়েছে। ফল প্রকাশের পর থেকেই পরিবার, স্কুল এবং এলাকায় আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।
নিজের সাফল্য প্রসঙ্গে অরিত্র জানায়,
“ভাল ফল হবে আশা করেছিলাম, তবে রাজ্যের মেধা তালিকায় স্থান পাব ভাবিনি। নিয়মিত ৬ থেকে ৭ ঘণ্টা পড়াশোনা করতাম। ভবিষ্যতে ইসরোতে গিয়ে বিজ্ঞানী হওয়ার ইচ্ছে রয়েছে। ইতিমধ্যেই জেইই অ্যাডভান্সড পরীক্ষায় পাশ করেছি। আশা করছি স্বপ্ন পূরণ হবে।”
অরিত্রর এই সাফল্যে গর্বিত স্কুল কর্তৃপক্ষও। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির-এর প্রধান শিক্ষক স্বামী তপহারানন্দ বলেন,
“প্রতিবছরই আমাদের স্কুলের কোনও না কোনও ছাত্র রাজ্যের মেধা তালিকায় স্থান করে নেয়। এবছর মাধ্যমিকে না হলেও উচ্চমাধ্যমিকে অরিত্র রাজ্যে অষ্টম স্থান অর্জন করেছে। ওর এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত।”
অন্যদিকে, রাজ্যের নবম স্থান অধিকার করেছে সুজাপুর হাই স্কুল-এর ছাত্র মোঃ সাহাবুদ্দিন আলী। বৈষ্ণবনগর থানার ভগবানপুর এলাহিটোলা এলাকার বাসিন্দা সাহাবুদ্দিন মোট ৪৮৮ নম্বর পেয়েছে।
তাঁর বাবা সাহিফুদ্দিন আহমেদ পেশায় একজন কৃষক। সাধারণ পরিবারের ছেলে হয়েও সাহাবুদ্দিনের এই অসাধারণ সাফল্য এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে তার।
উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় মালদহের দুই ছাত্রের এই সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত জেলার শিক্ষামহল। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির এবং সুজাপুর হাই স্কুল—দুই বিদ্যালয়ের ছাত্রদের এই কৃতিত্ব আগামী দিনের পড়ুয়াদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলেই মনে করছেন শিক্ষাবিদরা।












Leave a Reply