শ্বশুরবাড়িতে তরুণী গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য পুরাতন মালদায়।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- — শ্বশুরবাড়িতে এক তরুণী গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় সোমবার সাত সকালে তীব্র চাঞ্চল্য তৈরি হল পুরাতন মালদার মঙ্গলবাড়ি অঞ্চলের বলাতুলি এলাকায়। ‘ঘটনায় শ্বশুরবাড়ির দাবী গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। যদিও আত্মহত্যার কারণ সম্পর্কে তারা কিছুই জানাতে পারেননি। জানা গেছে, মৃত গৃহবধূর নাম সুমেরা খাতুন। স্বামীর নাম ইমরান সেখ। তাদের বিয়ে হয়েছিল প্রায় আড়াই বছর আগে। বর্তমানে তার স্বামী ভিনরাজ্য রাজস্থানে কর্মরত রয়েছে। তাই সুমেরা শ্বশুরবাড়িতে শ্বশুর, শাশুড়ি এবং এক নাবালিকা ননদের সঙ্গেই বসবাস করতেন। রবিবার রাতে তিনি শ্বশুরবাড়িতে যথারীতি খাওয়া-দাওয়া করে নিজের ঘরে ঘুমাতে যান। কিন্তু সোমবার সকালে সেই ঘরেই তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন শ্বশুরবাড়ির লোকজনেরা। ঘটনা জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। কান্নায় ভেঙে পড়েন মৃতার পরিবারবর্গ। পরে খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পাশাপাশি পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *