১৬ লক্ষ টাকার বকেয়া বিদ্যুৎ বিল, তৃণমূল নেতার মেয়ের স্কুলের সংযোগ বিচ্ছিন্নl

মালদা, নিজস্ব সংবাদদাতা:– প্রায় ১৬ লক্ষ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুর রহিম বক্সী-র মেয়ের নামে থাকা একটি বেসরকারি স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ বন্টন দপ্তর। ঘটনাকে ঘিরে চাঞ্চল সরালো মালদা রতুয়া এলাকায়।

    অভিযোগ, বছরের পর বছর বিদ্যুতের বিল পরিশোধ না করায় স্কুলটির বকেয়া বিল বেড়ে দাঁড়ায় প্রায় ১৬ লক্ষ টাকায়। বিদ্যুৎ বন্টন কোম্পানির দাবি, ১১ লক্ষ টাকার মূল বকেয়ার পাশাপাশি প্রায় ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছিল। একাধিকবার নোটিশ পাঠানো হলেও স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও সদুত্তর মেলেনি। এরপরই গত সপ্তাহে স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।  

এই ঘটনায় প্রশ্ন উঠেছে, এত বিপুল পরিমাণ বকেয়া থাকা সত্ত্বেও এতদিন কেন কোনও কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণেই বিষয়টি দীর্ঘদিন চাপা ছিল।

এদিকে উত্তর মালদা বিজেপির সহ-সভাপতি অভিষেক মিশ্র এই ঘটনায় তীব্র কটাক্ষ করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে লক্ষ লক্ষ টাকা আয় করা হলেও বিদ্যুতের বিল পরিশোধ করা হয়নি। তিনি আরও দাবি করেন, রতুয়ার একটি শিক্ষা প্রতিষ্ঠান নাকি সেচ দপ্তরের জমি দখল করে নির্মাণ করা হয়েছে। তাঁর বক্তব্য, “দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। যারা অবৈধভাবে জমি দখল করে রেখেছে বা সরকারি পাওনা মেটাচ্ছে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবৈধভাবে দখল করা জমি সরকারকে ফিরিয়ে না দিলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে মালদার রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

বিদ্যুৎ বন্টন কোম্পানির মালদার রিজিওনাল ম্যানেজার সৌমেন দাস জানিয়েছেন, বিগত দিনে রেজিনা খাতুনের নামে থাকা একটি স্কুলের বকেয়া বিদ্যুতের বিল পাহাড় প্রমাণ টাকায় পরিণত হয়েছিল। ১১ লক্ষ টাকার বিদ্যুতের বিলের পাশাপাশি ৫ লক্ষ টাকা জরিমানা নিয়ে মোট ১৬ লক্ষ টাকা বিদ্যুতের বিল পরিশোধ করার বারবার নোটিশ পাঠানো হয়। কিন্তু ওই স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোনও সদুত্তর না মেলায় অবশেষে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এ বিষয়ে দপ্তরের বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে

যদিও এ বিষয়ে আব্দুর রহিম বক্সী ক্যামেরার সামনে কোন মুখ না খুললেও তিনি জানান বকেয়া বিদ্যুৎ বিল মিটিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে কিছুটা মিটি দেওয়া হয়েছে l তবে কেন এতদিন বিল পরিশোধ করা হয়নি, সে বিষয়ে তিনি মুখ খোলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *