নিউটাউনে ৭ লক্ষ বর্গফুটের বেশি তথ্যপ্রযুক্তি অফিস, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: কলকাতার নিউটাউনে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বড়সড় পরিকাঠামোগত সংযোজন হতে চলেছে। আগামীকাল, ২৭ আগস্ট নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ের কাছে এল অ্যান্ড টি মাইন্ডট্রি-র ৭ লক্ষ বর্গফুটেরও বেশি আয়তনের একটি বিশাল তথ্যপ্রযুক্তি অফিসের উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

এই নতুন তথ্যপ্রযুক্তি পরিকাঠামোকে ঘিরে রাজ্যের প্রযুক্তি মহলে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরেই তথ্যপ্রযুক্তি নিয়ে পড়াশোনা করা বাংলার বহু ছাত্রছাত্রীকে কর্মসংস্থানের জন্য বেঙ্গালুরু, হায়দরাবাদ-সহ দেশের অন্যান্য তথ্যপ্রযুক্তি-কেন্দ্রিক শহরে যেতে হয়। নিউটাউনে এই ধরনের বড় প্রযুক্তি অফিস গড়ে ওঠায় রাজ্যের মধ্যেই কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

রাজ্যে তথ্যপ্রযুক্তি শিল্পের প্রসার এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে পড়াশোনা করা তরুণ-তরুণীদের কাছে কলকাতাতেই উন্নতমানের চাকরির সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজ্যের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রী ও কর্মীদের একাংশের পক্ষ থেকে এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। তাঁদের আশা, নিউটাউনের পাশাপাশি আগামী দিনে পশ্চিমবঙ্গে আরও বড় তথ্যপ্রযুক্তি সংস্থা ও বিনিয়োগ আসবে।

নতুন এই অফিস চালু হলে শুধু কর্মসংস্থান নয়, নিউটাউনকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি ও কর্পোরেট হাব হিসেবে আরও শক্তিশালী করার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *