
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পথ দুর্ঘটনা রুখতে রাজ্যজুড়ে সাত দিন ধরে পালিত হলো বিশেষ সড়ক নিরাপত্তা সপ্তাহ। রবিবার ছিল এই কর্মসূচির শেষ দিন। আর শেষ দিনে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার রসকুণ্ডু মোড়ে ট্রাফিক পুলিশের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ সচেতনতা শিবিরের। এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন বিভিন্ন ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য, স্থানীয় সাধারণ মানুষ এবং পুলিশ আধিকারিকরা। দুর্ঘটনা প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবার বিশেষ উদ্যোগ নেয় ট্রাফিক পুলিশ। পথ দুর্ঘটনায় প্রিয়জনকে হারানো পরিবারের সদস্যদেরও এই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়। দুর্ঘটনায় স্বজন হারানোর পর একটি পরিবারকে কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, সেই বাস্তব অভিজ্ঞতার কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। তাঁদের বক্তব্যের মাধ্যমে পথ চলতি মানুষ এবং গাড়িচালকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার বার্তা দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সামান্য অসতর্কতার কারণে একটি দুর্ঘটনা যেমন একটি প্রাণ কেড়ে নিতে পারে, তেমনই একটি পরিবারকে সারাজীবনের জন্য অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিতে পারে। তাই গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার এবং অতিরিক্ত গতি এড়িয়ে চলার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ডিএসপি (অপারেশন) সব্যসাচী ঘোষ, গড়বেতা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভঙ্কর রায়, চন্দ্রকোনা রোড বিট হাউসের আইসি অনুপ ভট্টাচার্য, ট্রাফিক ওসি অমর ছেত্রী-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।











Leave a Reply