
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুরে ফের হাতি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এবার একই সঙ্গে মৃত্যু হল দুই শাবক হাতি এবং একটি পূর্ণবয়স্ক হাতির। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিড়াকাটা রেঞ্জের রঞ্জা বিটের হাড়তড়া এলাকায়।
রবিবার সকালে ধানজমিতে তিনটি হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন এলাকার মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদপ্তরের কর্মীরাও।
ঠিক কী কারণে তিনটি হাতির মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের একাংশের অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই হাতিগুলির মৃত্যু হয়ে থাকতে পারে। কারণ, যে ধানজমিতে হাতিগুলিকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, তার উপর দিয়ে বিদ্যুতের তার ঝুলতে দেখা গিয়েছে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, চাষের কাজে পাম্প চালানোর জন্য ওই ধানজমির উপর দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়া হয়েছিল। সেই তারে বিদ্যুৎ সংযোগের কারণেই হাতিগুলির মৃত্যু হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই মুহূর্তে হাতি মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানায়নি বনদপ্তর। পিড়াকাটা রেঞ্জের এক বনকর্তা জানিয়েছেন, ময়নাতদন্তের পরই হাতিগুলির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ইতিমধ্যেই মৃত হাতিগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
একসঙ্গে তিনটি হাতির মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই মন খারাপ এলাকার বাসিন্দাদের। মৃত হাতিগুলিকে দেখতে সকাল থেকেই ভিড় জমিয়েছেন বহু মানুষ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতি মৃত্যুর ঘটনা জঙ্গলমহলে আগেও ঘটেছে। ফলে এবারও বিদ্যুতের তারের ভূমিকা ছিল কি না, সেই প্রশ্নই এখন সামনে।












Leave a Reply