
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাজারদর নিয়ন্ত্রণে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে মঙ্গলবার লেকটাউন থানার অন্তর্গত বিভিন্ন বাজারে পরিদর্শন চালানো হয়। প্রশাসনের একাধিক দফতরের আধিকারিকদের নিয়ে এই অভিযান পরিচালিত হয়।
এদিন লেকটাউন এলাকার বিভিন্ন বাজারে গিয়ে মাছ, ডিম, ফল, মুদি সামগ্রী-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম খতিয়ে দেখেন এসডিও-র নেতৃত্বাধীন আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিলেন ইবি-র আধিকারিক, ফুড ডিপার্টমেন্টের প্রতিনিধিরা, বিধাননগর সিটি পুলিশের আধিকারিক এবং লেকটাউন থানার পুলিশকর্মীরা।
বাজারে পণ্যগুলির বিক্রয়মূল্য, নির্ধারিত দামের সঙ্গে তার সামঞ্জস্য এবং সাধারণ ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কি না—সেই বিষয়গুলির ওপর নজর দেওয়া হয় বলে জানা গিয়েছে।
প্রশাসনের এই তৎপরতায় বাজারের ব্যবসায়ীদের মধ্যেও সতর্কতা দেখা যায়। সাধারণ মানুষের যাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে গিয়ে অযথা বেশি দাম দিতে না হয়, তা নিশ্চিত করতেই এই ধরনের নজরদারি চালানো হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
লেকটাউন থানা বিধাননগর সিটি পুলিশ কমিশনারেটের আওতাধীন। বাজারদর নিয়ন্ত্রণে প্রশাসনের এই যৌথ নজরদারি আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে।












Leave a Reply