খড়্গপুরে ধারাবাহিক ছিনতাইয়ের কিনারা, গ্রেফতার তিন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- খড়্গপুর শহরে পরপর ছিনতাইয়ের ঘটনার কিনারা করল পুলিশ। গত মে মাস থেকে চলতি আগস্ট মাস পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় মোট ছয়টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। তদন্তে নেমে এই ঘটনাগুলির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজনের নাম সুরুজ কাহার। অপর দু’জন নাবালক। বুধবার
উদ্ধার হওয়া সোনার চেন এবং অভিযুক্তদের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা। তিনি জানান, মে মাসে দুটি, জুলাই মাসে দুটি এবং আগস্ট মাসে দুটি—মোট ছয়টি ছিনতাইয়ের ঘটনা ঘটে খড়্গপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৭ মে খড়্গপুরের শেরশা স্টেডিয়ামের সামনে এবং ১৬ মে নিউ ট্রাফিক এরিয়া এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর ১ জুলাই সংঘশ্রী ক্লাব এলাকায় এবং ৩১ জুলাই সাইবাবা মন্দির সংলগ্ন ওল্ড সেটেলমেন্ট এলাকায় ছিনতাই হয়। গত ১৪ আগস্ট ইএফ লাইন এলাকায় পরপর দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে।
পুলিশ সুপার জানান, তদন্তে উঠে এসেছে, ছয়টি ঘটনার প্রত্যেকটির সঙ্গেই সুরুজ কাহার যুক্ত ছিল বলে অভিযোগ। তার সঙ্গে আরও দু’জন নাবালক ছিল। পুলিশের দাবি, তিনজন মিলে একটি গ্যাং তৈরি করে ধারাবাহিকভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছিল। তদন্তের পর অভিযুক্তদের গ্রেফতার করে তাদের কাছ থেকে সোনার চেন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া চেনগুলির মধ্যে দুটি একটি সোনার দোকান থেকে এবং বাকি চারটি অভিযুক্তদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
এই ছিনতাই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি উদ্ধার হওয়া সামগ্রীগুলি কোন কোন ছিনতাইয়ের ঘটনার সঙ্গে সম্পর্কিত, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *