
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা: ঝুলনযাত্রার রাশ কার দখলে থাকবে, তা নিয়ে বিবাদের জেরে বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব বর্ধমানের কালনা ১ নম্বর ব্লকের নান্দাই এলাকায় হামলার অভিযোগ উঠল। ঘটনায় কালীতলা ঝুলন কমিটির সেক্রেটারি ও তাঁর পরিবারের সদস্যদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। ঘটনায় তিনজন আহত হয়েছেন।
আহতদের নাম সত্যব্রত দেবনাথ, দেবব্রত দেবনাথ ও মৌমিতা দেবনাথ। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যান। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গিয়েছে।
আক্রান্ত পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে ঝুলনযাত্রা শেষ করে বাড়ি ফেরার সময় তাঁদের উপর হামলা চালানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন এক আহত ব্যক্তি অভিযোগ করে বলেন, হামলাকারীরা মদ্যপ অবস্থায় ছিলেন এবং মোট ৯ জন মিলে তাঁদের উপর চড়াও হন।
আক্রান্তদের আরও অভিযোগ, মারধরের পাশাপাশি তাঁদের পরিবারের এক সদস্যের গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেওয়া হয়। তাঁর স্ত্রীর শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে টাকা-পয়সা কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
ঘটনার পর আক্রান্তদের পক্ষ থেকে কালনা থানায় মোট ৯ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে এই ঘটনায় অভিযুক্ত পক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পুলিশি তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ এবং অভিযোগগুলির সত্যতা সম্পর্কে স্পষ্ট ছবি পাওয়া যাবে।












Leave a Reply