
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শালবনি জমি কেলেঙ্কারি মামলায় বড়সড় পদক্ষেপ সিআইডির। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে ৮ দিনের সিআইডি হেফাজতে পাঠাল মেদিনীপুর আদালত। বৃহস্পতিবার সুমিত রায়কে গ্রেফতার করেছিল সিআইডি। শুক্রবার তাঁকে মেদিনীপুর আদালতে তোলা হয়। সুমিত রায়কে আদালতে তোলার সময় মেদিনীপুর আদালত চত্বরে ছিল নজিরবিহীন নিরাপত্তা। সিআইডি এবং পুলিশের কড়া নজরদারির মধ্যেই অভিযুক্তকে আদালতে পেশ করা হয়। শালবনি জমি কেলেঙ্কারি মামলায় ইতিমধ্যেই তৃণমূল নেতা সুজয় হাজরার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রয়েছে। সরকারি আইনজীবী সৈয়দ নাজিম হাবিবের দাবি, সুজয় হাজরার বিরুদ্ধে যে নয়টি ধারা প্রয়োগ করা হয়েছে, সুমিত রায়ের বিরুদ্ধেও সেই একই ধারায় মামলা করা হয়েছে। ফলে তদন্তের পরিধি আরও বাড়ছে বলেই মনে করা হচ্ছে। জমি কেলেঙ্কারির এই মামলায় সুমিত রায়ের ভূমিকা ঠিক কী, কার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল এবং গোটা ঘটনায় তাঁর কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ রয়েছে কি না—এই সমস্ত বিষয়ই এখন সিআইডির তদন্তের আওতায়।অন্যদিকে, একই মামলায় সুজয় হাজরা ও সুমিত রায়ের বিরুদ্ধে একই ধারায় মামলা হওয়ায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। এবার ৮ দিনের সিআইডি হেফাজতে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা কী তথ্য সামনে আনেন, সেদিকেই নজর রয়েছে। শালবনি জমি কেলেঙ্কারি মামলায় তদন্ত যত এগোচ্ছে, ততই বাড়ছে রহস্য—এবার সিআইডির জেরায় কী বেরিয়ে আসে, সেটাই দেখার।












Leave a Reply