
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সংঘর্ষের ঘটনার পরেও থামল না রাজনৈতিক কর্মসূচি। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার খড়্কুশমাতে দলীয় কার্যালয় উদ্বোধনের পাশাপাশি মিছিল ও পথসভা করল বিজেপি নেতৃত্ব। রবিবার বিকেলে খড়্কুশমা এলাকায় বিজেপির এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। এই দিন নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন বিজেপি নেতৃত্ব। এরপর দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে এলাকায় মিছিল করা হয়। পরে অনুষ্ঠিত হয় পথসভা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক প্রদীপ লোধা সহ দলের জেলা ও মণ্ডল স্তরের একাধিক নেতৃত্ব। প্রসঙ্গত, শুক্রবার বিকেলে খড়্কুশমা এলাকায় বিজেপি ও সিপিআইএমের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দু’পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা যায়। ঘটনার পর থেকেই এলাকায় তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার ফের খড়্কুশমাতে রাজনৈতিক কর্মসূচি পালন করল বিজেপি। একদিকে দলীয় কার্যালয় উদ্বোধন, অন্যদিকে মিছিল ও পথসভা—সব মিলিয়ে সংঘর্ষের পর খড়্কুশমায় বিজেপির এই কর্মসূচিকে ঘিরে ফের রাজনৈতিকভাবে সরগরম হয়ে উঠল এলাকা।












Leave a Reply