‘কিছু মানুষ ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন’, গয়েশপুরে BMS-এর অভ্যাস বর্গে মন্তব্য বিদ্যুৎ কুমার বিশ্বাসের।

গয়েশপুর, নিজস্ব সংবাদদাতা: ভারতীয় মজদুর সংঘের (BMS) পক্ষ থেকে গয়েশপুরে আয়োজন করা হল একদিনের ‘অভ্যাস বর্গ’। মূলত কলকারখানার শ্রমিকদের নিয়ে কাজ করা এই সংগঠনের পক্ষ থেকে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকেরা অংশগ্রহণ করেন।

গয়েশপুরের বিক্রমপুর মৎস্য সমিতির হলঘরে অনুষ্ঠিত এই অভ্যাস বর্গে উপস্থিত ছিলেন নদিয়া জেলা BMS-এর সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার বিশ্বাস-সহ সংগঠনের অন্যান্য কার্যকর্তারা।

কর্মসূচির উদ্দেশ্য হিসেবে শ্রমিকদের সংগঠনের কার্যপদ্ধতি, আদর্শ ও বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করার কথা জানানো হয়। BMS নেতৃত্বের বক্তব্য, শ্রমিকদের কাছে এই ধরনের প্রশিক্ষণমূলক কর্মসূচির গুরুত্ব রয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে BMS নেতা বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, শ্রমিকদের কাছে এই অভ্যাস বর্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর অভিযোগ, “কিছু মানুষ ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন। তাঁরা ভারতীয় মজদুর সংঘ কী, সেটাই জানেন না এবং জানার চেষ্টাও করেন না। শুধু নিজেকে নেতা প্রমাণ করতে ব্যস্ত থাকেন।”

তবে তাঁর এই মন্তব্য নির্দিষ্ট কোনও ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে করা হয়েছে কি না, তা তিনি স্পষ্ট করেননি।

প্রসঙ্গত, কয়েক দিন আগে ভারতীয় মজদুর সংঘের সাংগঠনিক দায়িত্ব নিয়ে সংগঠনের অন্দরে মতপার্থক্য তৈরি হয়েছে বলে দাবি করা হয়েছিল। এর জেরে সংগঠনের কিছু কর্মীর মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। যদিও এই মতপার্থক্য নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য জানা যায়নি।

এদিনের অভ্যাস বর্গে বিভিন্ন কলকারখানার শ্রমিকদের অংশগ্রহণ ছিল। সংগঠনের কার্যক্রম ও শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে দিনভর আলোচনা হয়। BMS নেতৃত্বের দাবি, এই ধরনের কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের মধ্যে সংগঠন সম্পর্কে আরও স্পষ্ট ধারণা তৈরি করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *