
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দিনের পর দিন হাতির তাণ্ডবে অতিষ্ঠ জঙ্গলমহলের মানুষ। কখনও ধানজমিতে, কখনও গ্রামের রাস্তায়—লোকালয়ে হাতির আনাগোনায় আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের। এরই মাঝে জঙ্গলমহলের অতি পরিচিত দাঁতাল হাতি ‘রামলাল’-কে সামনে পেয়ে এক বৃদ্ধার গাওয়া বেদনাদায়ক গান ঘিরে তৈরি হয়েছে আবেগঘন মুহূর্ত। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের নয়াবসত রেঞ্জের শিশিরবাঁধ এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন এলাকা পরিক্রমা করার পর শিশিরবাঁধ এলাকায় এসে অবস্থান নেয় পূর্ণবয়স্ক দাঁতাল হাতি ‘রামলাল’। হাতিটিকে দেখতে সেখানে ভিড় জমান গ্রামবাসীরা। সেই সময় রামলালকে সামনে পেয়ে তার উপস্থিতিতেই বেদনাদায়ক গান গেয়ে শোনান প্রায় ৬০ বছর বয়সি স্থানীয় বৃদ্ধা পুষ্পলতা হেমব্রম। সামনে দাঁড়িয়ে হাতি, আর তাকে ঘিরে গ্রামের মানুষের ভিড়—এই দৃশ্য মুহূর্তেই ক্যামেরাবন্দি হয়।
ইতিমধ্যেই ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। হাতির তাণ্ডবে অতিষ্ঠ মানুষের জীবনের কষ্ট আর আবেগ যেন ধরা পড়েছে ওই বৃদ্ধার গানের সুরে।












Leave a Reply