দুর্গাপুজোর আগে ব্যস্ততা তুঙ্গে, জটেশ্বরে দুর্গাপ্রতিমার শেষ মুহূর্তের প্রস্তুতিতে মৃৎশিল্পীরা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন দুর্গাপুজোকে ঘিরে এখন চরম ব্যস্ততা জটেশ্বরের মৃৎশিল্পীদের মধ্যে। দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে কাজের চাপ। কোথাও চলছে প্রতিমার গায়ে রঙের প্রলেপ, কোথাও আবার শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ। প্রতিমার গায়ে শেষ তুলির টান দিতে এখন দিনরাত এক করে কাজ করে চলেছেন শিল্পীরা। ফালাকাটা ব্লকের জটেশ্বর-সহ বিভিন্ন এলাকার মৃৎশিল্পীদের ঘরে এখন জোরকদমে চলছে দুর্গাপ্রতিমা তৈরির কাজ। অনেক শিল্পীই ইতিমধ্যে প্রতিমা তৈরির শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছেন। কোথাও চলছে রং করার কাজ, আবার কোথাও প্রতিমাকে আরও আকর্ষণীয় করে তুলতে ব্যস্ত শিল্পীরা। পুজোর আগে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করে প্রতিমা পুজো কমিটি গুলির হাতে তুলে দেওয়াই এখন শিল্পীদের মূল লক্ষ্য। জটেশ্বরের এক মৃৎশিল্পী জানান, এবছর প্রতিমা তৈরির ভালো অর্ডার পাওয়া গিয়েছে। বাজারও বেশ ভালো রয়েছে। শুধু ফালাকাটা নয়, আশপাশের বিভিন্ন এলাকা ছাড়াও ফালাকাটার বাইরেও যাচ্ছে তাঁদের তৈরি দুর্গাপ্রতিমা।সব মিলিয়ে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে সামনে রেখে জটেশ্বরের মৃৎশিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *