
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-আসি-যাই, বেতন পাই—সরকারি কর্মীদের সম্পর্কে এই ধারণা যে সম্পূর্ণ ভুল, তা আরও একবার স্পষ্ট করে দিল রাজ্য সরকার। নির্ধারিত সময়ে সরকারি পরিষেবা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। গত ১১ নভেম্বর জারি হওয়া সরকারি সার্কুলারকে সামনে রেখে এমনই বার্তা দিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আইনি সহায়ক কাজী মহম্মদ মুর্তাজা।
রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের আমশোল গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে আয়োজিত একটি আইনি সচেতনতা শিবিরে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ২০১৩ সালে রাজ্যে প্রবর্তিত হয় জন পরিষেবা অধিকার আইন। এই আইনের আওতায় নির্দিষ্ট সরকারি পরিষেবার জন্য আবেদন জমা পড়লে নির্ধারিত সময়ের মধ্যে তা প্রদান করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট আবেদনকারী ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন।
কাজী মহম্মদ মুর্তাজা বলেন, সাধারণ মানুষ এই আইন সম্পর্কে অবগত না থাকায় সরকারি দফতরে বারবার ঘুরতে হয়। অনেক ক্ষেত্রে সরকারি প্রকল্পের সুবিধা থেকেও বঞ্চিত হন তাঁরা। তাই সাধারণ মানুষের পাশাপাশি সরকারী কর্মচারীদের এই আইন সম্পর্কে সচেতন হওয়া জরুরি। শিশু সুরক্ষার বিষয়েও সরকারী কর্মচারীদের আরও সতর্ক ও কঠোর হওয়ার বার্তা দেন তিনি। বাল্যবিবাহের ক্ষেত্রে আইনি পদক্ষেপ এবং শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ আইন বা পকসো আইনের বিভিন্ন দিক তুলে ধরেন। নাবালিকাদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে কী ধরনের কঠোর আইনি পরিণতি হতে পারে, তা নিয়েও বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি অপহরণ, অ্যাসিড হামলা, ধর্ষণ, খুন ও শ্লীলতাহানির মতো অপরাধের শিকার ব্যক্তিদের সরকারি ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য, আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে আবেদন করলেই নির্ধারিত নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের টাকা সরাসরি নির্যাতিত বা ক্ষতিগ্রস্ত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে।
তাই অপরাধীদের চাপে পড়ে কিংবা টাকার বিনিময়ে মামলা তুলে নেওয়ার প্রয়োজন নেই। বরং অপরাধীদের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন তিনি।
সরকারি পরিষেবা থেকে শিশু সুরক্ষা এবং অপরাধের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ—একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই আইনি সচেতনতা শিবিরে বিস্তারিত আলোচনা হয়।












Leave a Reply