জগদ্ধাত্রী পুজোয় জনজোয়ার চন্দননগরে, ভিড় সামলাতে বন্ধ করতে হল প্যান্ডেলের গেট।

চন্দননগর, নিজস্ব সংবাদদাতা: জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে রবিবার দর্শনার্থীদের ঢল নামল চন্দননগরে। বিপুল ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হল পুজো উদ্যোক্তাদের। মানকুণ্ডু স্টেশন রোড এলাকায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পরিস্থিতি সামাল দিতে একটি পুজো মণ্ডপের গেট পর্যন্ত বন্ধ করে দিতে হয়।

মানকুণ্ডু স্টেশন রোড সংলগ্ন এলাকার মানকুণ্ডু, নতুনপাড়া এবং সার্কাস মাঠের পুজো এবার দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। সার্কাস মাঠের পুজোয় রয়েছে বিশাল রামমূর্তি ও অযোধ্যার আদলে বিশেষ উপস্থাপনা। পাশাপাশি সুউচ্চ তেমাথার প্রতিমাও দর্শনার্থীদের নজর কাড়ছে।

সোমবার সপ্তমী। পুজোর ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। শুধু দক্ষিণ চন্দননগর নয়, উত্তর চন্দননগরেও দর্শনার্থীদের ব্যাপক সমাগমের সম্ভাবনা রয়েছে। চুঁচুড়া ও পার্শ্ববর্তী গ্রামের বহু মানুষ খাদিনা মোড় ও তালডাঙা হয়ে জি টি রোড ধরে উত্তর চন্দননগরের পুজো দেখতে আসেন।

উত্তর চন্দননগরেও রয়েছে একাধিক বড় বাজেটের পুজো। তালডাঙা, বড়দিঘির ধার এবং উত্তরাঞ্চল বিবিরহাটের পুজো দর্শনার্থীদের আকর্ষণ করে। উত্তরাঞ্চল বিবিরহাটের পুজো এবার হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। অন্যদিকে, কুণ্ডুঘাট দালানের পুজোয় বিগত কয়েক বছর ধরে পুরস্কারজয়ী সাজসজ্জা ও মণ্ডপ দর্শকদের নজর কাড়ছে।

এবার কুণ্ডুঘাট দালানের পাশেই আদি পুজো হিসেবে পরিচিত কুণ্ডুঘাট সার্বজনীন তাদের শতবর্ষ উপলক্ষে উত্তমকুমারের আদলে মণ্ডপসজ্জা তৈরি করেছে। এছাড়াও রয়েছে পঞ্চাননতলা, চাঁপাতলা এবং লক্ষীগঞ্জ বাজারের চাউলপট্টি-সহ চারটি বড় পুজো। হেলাপুকুরের প্রতিমা সোনার গয়নায় সজ্জিত হওয়ায় সেটিও দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ।

সব মিলিয়ে সোমবার থেকে আগামী তিন দিন দক্ষিণ ও উত্তর চন্দননগরের পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের টানতে চলবে আকর্ষণের লড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *