প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- চলতি মাসের ১১তারিখ নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে হাওড়ার শতাব্দী প্রাচীন টাউন হল। হাওড়া পৌর নিগমের মুখ্য প্রশাসক জানান তারা টাউন হলের উদ্বোধন অনুষ্ঠান করতে চলেছেন ১১ তারিখ। যদিও এখন টাউন হলের প্রস্তুতির শেষ কাজ চূড়ান্ত পর্যায়ে। নিগমের কর্তব্যরত আধিকারিকরা তার তদারকির কাজ করছেন। পুরাতন ঐতিহ্যশালী নির্মাণ শৈলীর সঙ্গে আধুনিক স্থাপত্য শৈলীর মেলবন্ধন ঘটবে এই টাউন হলে এমনটাই দাবি করেন হাওড়া পৌর নিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। টাউন হল হাওড়া শহরের গরিমা ও ঐতিহ্য। তাই এই হলকে তার পুরাতন অবস্থায় ফিরিয়ে দিতে তারা বদ্ধ পরিকর। তিনি আরও জানান উদ্বোধন অনুষ্ঠানের পরিকল্পনা তারা নিয়েছেন। ওই দিন উপস্থিত থাকবেন রাজ্যের নগরান্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দোপাধ্যায় ও সমবায় মন্ত্রী অরুপ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তিনি জানান টাউন হল উদ্বোধনের পরে তার ব্যবহার আবশ্যিক নতুবা জিনিষটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা থেকে যাবে। যদিও পৌর নিগম এখনও এই টাউন হল নিয়ে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নেয় নি। তিনি আশা করেন এর উদ্বোধনের পরে একটি বিশেষ কমিটি তৈরি করার প্রয়োজন। যারা এই টাউন হল চালানোর বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবেন। তিনি দাবি করেন এখানে যে কোনো অনুষ্ঠান এই হলের গরিমা ও ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হওয়ার প্রয়োজন। যদিও তা এখনও পরিকল্পনার স্তরেই রয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত হাওড়ার শতাব্দী প্রাচীন এই টাউন হল তৈরির কাজ শুরু হয় ১৮৮৩ সালে। শুধু হলটি তৈরি করতে ২৬ হাজার ৫০০ টাকার মতো লেগেছিলো সেই সময়ে। তৈরি করার পর এর আসবাবপত্র ও সাজানোর জন্য প্রায় ২৮ হাজার ৫০০ টাকা খরচ করা হয়েছিল। এর সম্পূর্ণ অর্থই শহর হাওড়ার বাসিন্দাদের থেকে সংগ্রহ করা হয়েছিল। যারা ওই সময়ে ১০০ টাকা অনুদান দিয়েছিলেনা তাঁদের নামের তালিকা টাউন হলে টাঙানো রয়েছে। ১৮৮৪ সালের ১৪ ই মার্চ তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির ছোট লাট এটির উদ্বোধন করেন। এই টাউন হলের উচ্চতা ২১ ফুট ও দৈর্ঘ্য প্রস্থে যথাক্রমে ৬৬ মিটার ও ৪২ মিটার।
তৎকালীন ইংরেজ স্থপতি সি বাকলেন এর নকশা ও তৈরির কাজ সম্পূর্ণ করেন। এই টাউন হলেই ১৯০৯ সালে ঋষি অরবিন্দ একটি সভা করেন। যা কিনা এই টাউন হলের সবচেয়ে গর্বের বিষয় বলেই ধরা হয়। বহু মনীষীর পদধূলিতে ধন্যবাদান্তে এই টাউন হলের গৌরব ও ঐতিহ্যকে ধরে রেখেই তার পুনরায় সংস্কার করে চালু হতে চলেছে হাওড়ার ঐতিহ্যশালী টাউন হল।
নতুনভাবে আত্মপ্রকাশ করতে চলেছে শতাব্দী প্রাচীন টাউন হল পুরন ঐতিহ্যকে সঙ্গে নিয়ে।












Leave a Reply