বিজেপি বিধায়ক চন্দনা বাউরীর স্বামী, মেয়ে ও শ্বশুরের উপর চড়াও হওয়ার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে , থানার দ্বারস্থ বিধায়ক। অভিযোগ অস্বীকার তৃনমূলের।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ মনসা পুজো করাতে গিয়ে এবার আক্রান্ত হলেন বিধায়কের স্বামী, মেয়ে ও শ্বশুর। গতকাল ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার কেলাই গ্রামে। এই ঘটনায় পরিবারের নিরাপত্তা চেয়ে আজ গঙ্গাজলঘাটি থানার দ্বারস্থ হন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরী। বিধায়কের অভিযোগ তৃনমূলের তরফে হামলা চালানো হয়েছে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃনমূল।

শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরীর অভিযোগ গতকাল গ্রামে মনসা পুজো হচ্ছিল। রাত সাড়ে আটটা নাগাদ গ্রামের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বিধায়কের স্বামী শ্রাবণ বাউরী , মেয়ে বর্ণা বাউরী ও শ্বশুর সুনীল বাউরী। অভিযোগ সেই সময় স্থানীয় বাসিন্দা দীনেশ বাউরী ও অষ্টম বাউরী সহ বেশ কয়েকজন মিলে বাঁশ ও লাঠি নিয়ে অতর্কিতে হামলা চালায়। স্বামী শ্রাবণ বাউরী ও শ্বশুর সুনীল বাউরীকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। গন্ডগোলের শব্দ শুনে বিধায়ক চন্দনা বাউরী বাড়ি থেকে ছুটে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। আজ দুপুরে গঙ্গাজলঘাটি থানায় হাজির হয়ে হামলাকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বিধায়ক। বিধায়কের দাবী তৃনমূলের মদতেই এই হামলা চালিয়েছে দুস্কৃতিরা। বিধায়কের দাবী তাঁর নিজস্ব নিরাপত্তা দেখার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন বিধায়ক। বিধায়কের দাবী নস্যাৎ করেছে তৃনমূল নেতৃত্ব। তৃনমূলের দাবী বিধায়ক হিসাবে এলাকার উন্নয়ন না করায় গ্রামের লোকজনের সাথে ঝগড়াঝাটি হয়ে থাকতে পারে। তবে এই ঘটনার সাথে তৃনমূলের কোনো যোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *