পঞ্চায়েতে বিজেপির ঘেরাও ও ডেপুটেশনকে ঘিরে ধুন্ধুমার।

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ- প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে শাসক দলের দূর্ণীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলে বাঁকুড়া জেলা জুড়ে আন্দোলন তীব্র করছে গেরুয়া শিবির। মঙ্গলবার ঐ ইস্যুতে বড়জোড়া গ্রাম পঞ্চায়েতে বিজেপির ঘেরাও ও ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হলো। দলের নেতা কর্মীরা পঞ্চায়েত কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে উপস্থিত পুলিশ কর্মীরা বাধা দেন। আর এই পরিস্থিতিতে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীদের একাংশ।

বিজেপির অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে শাসক দল ব্যাপক দূর্ণীতি ও স্বজন পোষণ করছে। প্রকৃত উপভোক্তাদের বাদ দিয়ে নিজেদের দলীয় লোকেদের নাম ঐ প্রকল্পে তালিকাভূক্ত করা হচ্ছে বলেও অভিযোগ।

এদিনের এই কর্মসূচীতে উপস্থিত কল্পনা বাউরী বলেন, আমরা গরীব মানুষ, মাথা গোঁজার ঠাঁই নেই। আমরা সরকারী প্রকল্পে বাড়ি না পেলেও যাঁদের বাড়ি আছে তারা আবারো ঐ প্রকল্পে বাড়ি পাচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।

বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিনহার দাবি, তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের প্রধান প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে নিজের দলীয় নেতা কর্মীদের বাড়ি পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন। নিজেদের পছন্দমতো তালিকা তাঁরা তৈরী করেছেন। দায়িত্বপ্রাপ্ত কর্মীরা সমীক্ষায় গেলে দোতলা পাকা বাড়ি না দেখিয়ে ছাগলের খোঁয়াড় দেখাচ্ছেন। আর এইভাবেই দূর্ণীতি হচ্ছে বলে তিনি দাবি করেন।

এবিষয়ে বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী ধীবরের দাবি, বিজেপি মিথ্যা অভিযোগ করছে। যে তালিকা তৈরী হয়েছে তা ব্লক প্রশাসনের তরফে করা হয়েছে বলে তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *