ফাইলেরিয়া মুক্ত শহর গড়তে সচেতনতা শিবির।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- ফাইলেরিয়া বা গোদ মশাবাহিত একটি রোগ। হাত ফোলা, পা ফোলা, হাইড্রোসিল এই রোগের ফলেই হয়ে থাকে। কিউলেক্স মশা রোগটির জীবাণুর বাহক। তাই ফাইলেরিয়া দূরীকরণ করতে উদ্যোগ নিয়েছে বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তর। ১০ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ফাইলেরিয়া দূরীকরণ কর্মসূচি। আজ দুবরাজপুর পৌরসভা ও জেলা স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে দুবরাজপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের শিশু বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের একটি নাটকের মাধ্যমে সচেতন করা হয়। পাশাপাশি ফাইলেরিয়া নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগ গ্রহণ করল দুবরাজপুর পৌরসভা। আজ থেকে দুবরাজপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ফাইলেরিয়া ঔষধ দেওয়া হবে প্রত্যেক বাড়িতে গিয়ে। তারই আনুষ্ঠানিক সূচনা করা হল আজ। মুলত, ফাইলেরিয়া মুক্ত পৌরসভা গড়ে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সচেতনতা মূলক শিবিরে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দিব্যেন্দু সিনহা, দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক কমলকান্তি দাস, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সাগর কুণ্ডু, বিশিষ্ট আইনজীবী স্বরুপ আচার্য, বিশিষ্ট শিক্ষক রামতনু নায়ক সহ শিশু বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকা ও পৌরসভার কর্মীরা। ফাইলেরিয়া মুক্ত শহর গড়তে এই রোগের প্রতিষেধক খেলেন স্বাস্থ্য আধিকারিক, নির্বাহী আধিকারিক, কাউন্সিলার সহ সকলে। এদিন প্রত্যেক ছাত্রছাত্রীকে দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে একটি করে স্কেলবক্স তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *