এক ব্যক্তিকে খুনের ঘটনায়,এক নাবালক সহ সাত জনকে গ্রেফতার।

আবদুল হাই,বাঁকুড়াঃ জমি জায়গা সংক্রান্ত বিবাদের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বছর আঠান্নর গণেশ মুদি নামে এক ব্যক্তিকে খুনের ঘটনায় এক নাবালক সহ সাত জনকে গ্রেফতার করলো পুলিশ। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই খবর জানিয়েছেন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারী।

প্রসঙ্গত, গত ৬ মে রানীবাঁধ থানা এলাকার শুশনিগেড়িয়া গ্রাম সংলগ্ন ভূতগেড়িয়া-আম বাঁধের কাছে গণেশ মুদির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। শুশনিগেড়িয়া গ্রামেরই বাসিন্দা ঐ ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খাতড়ার এস.ডি.পি.ও কাশীনাথ মিস্ত্রীর নেতৃত্বে রানীবাঁধ থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। অবশেষে বুধবার পুলিশ এক নাবালক সহ সাত অভিযুক্তকে শুশনিডাঙ্গা গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে বলে জানা গেছে।

বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারী এদিন বলেন, মৃত গণেশ মুদির দু’ভাই কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন। পৈতৃক জমি জমা দেখাশোনা ও চাষাবাদ করতেন গণেশ মুদি। আর আট বিঘা জমিকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। আর জমি সংক্রান্ত বিবাদের জেরেই প্রতিবেশী অভিযুক্ত সাত জন গণেশ মুদিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মাথায় লোহার রড দিয়ে আঘাত করে খুন করেছে বলে পুলিশী তদন্তে উঠে আসে। পরে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে নাবালক একজন জুভেনাইল বোর্ডের মাধ্যমে হোমে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

ধৃতদের বিরুদ্ধে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ৩২০, ২০১ ধারায় মামলা রুজু করেছে। অভিযুক্তদের খাতড়া মহকুমা আদালতে তোলা হলে পুলিশের আবেদনে সাড়া দিয়ে বিচারক প্রত্যেকের পাঁচ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *