প্রধানমন্ত্রীর সভায় তৃণমূল সাংসদদের আমন্ত্রণ, জল্পনার ঘূর্ণি রাজনীতিতে।

দুর্গাপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য রাজনীতিতে জল্পনার নতুন খোরাক। আজ দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক সভায় তৃণমূল কংগ্রেসের ৮ জন সাংসদকে আমন্ত্রণ জানানো হয়েছে—যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ রাজনৈতিক মহলে।

প্রকাশিত সরকারি বিজ্ঞাপনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও দেখা গেছে। আমন্ত্রিত সাংসদদের তালিকায় রয়েছেন শাসকদলের প্রভাবশালী নেতা-নেত্রীরা—মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও অরূপ চক্রবর্তী প্রমুখ।

প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক সভায় বিরোধী দলের সাংসদদের উপস্থিতির আমন্ত্রণকে অনেকে কেন্দ্র-রাজ্য সম্পর্কের নতুন দিগন্ত বলেই ব্যাখ্যা করছেন। অন্যদিকে, বিরোধী দলগুলোর একাংশের মত, এটি আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশল।

তবে এই আমন্ত্রণ নিছক সৌজন্য না রাজনৈতিক সমীকরণ বদলের পূর্বাভাস—তা নিয়ে দ্বিধাবিভক্ত রাজনৈতিক পর্যবেক্ষকরা। কেউ বলছেন, কেন্দ্র চাইছে রাজ্যের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে। আবার কেউ বলছেন, এটা কেন্দ্রের তরফে কৌশলগত ময়দানে দখল বজায় রাখার প্রয়াস।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে—তৃণমূল সাংসদরা কি মোদীর সভায় উপস্থিত থাকবেন? থাকলে, তার রাজনৈতিক তাৎপর্যই বা কী হবে?

রাজনীতির মঞ্চে আপাত-সৌজন্যের আড়ালে কী ভবিষ্যতের সমীকরণ বদলাচ্ছে? নজর এখন দুর্গাপুরের সভামঞ্চে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *