কাবুলে বিস্ফোরণের পর দিল্লিতে হুঁশিয়ারি মুত্তাকির! “আমেরিকা-ন্যাটো-সোভিয়েতের পরিণতি ভুলে যেও না”।

নয়াদিল্লি: কাবুলে পরপর বিস্ফোরণের ঘটনার পরদিনই পাকিস্তানকে তীব্র সতর্কবার্তা দিলেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “কোনো দেশ যেন আফগানদের সাহস পরীক্ষা করার ভুল না করে। আমাদের স্বাধীনতা রক্ষায় আফগানরা সবসময় প্রস্তুত।”

তিনি সরাসরি পাকিস্তানকে সীমান্তবর্তী হামলার জন্য দায়ী করে বলেন, “সীমান্ত অঞ্চলে হামলা হয়েছে, যা আমরা ভুল কাজ বলে মনে করি। এই পথে সমস্যার সমাধান হয় না।”

মুত্তাকি আরও বলেন, “আমরা ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গেই শান্তিপূর্ণ সম্পর্ক চাই, তবে তা একতরফা হতে পারে না।”

বিদেশি শক্তির আগের ব্যর্থতার প্রসঙ্গ টেনে তিনি তীব্র ভাষায় বলেন, “যদি কেউ মনে করে আফগানদের দমন করা সহজ, তবে একবার আমেরিকা, ন্যাটো ও সোভিয়েত ইউনিয়নের কাছে জিজ্ঞেস করুন—তারা আফগানদের সামনে কীভাবে নত হয়েছিল।”

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, মুত্তাকির এই মন্তব্য আফগানিস্তানের স্পষ্ট বার্তা—দেশটি আর কোনো বাহ্যিক হস্তক্ষেপ সহ্য করবে না। তাঁর কথায়, “আমরা আলোচনায় বিশ্বাস করি, কিন্তু আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে আপসের কোনো জায়গা নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *