শংকরকাটা গ্রাম পঞ্চায়েতে অন্নপূর্ণা যোজনার ড্রপ বক্স, উপভোক্তাদের ভোগান্তি কমানোর উদ্যোগ।

নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনা রোড :- শংকরকাটা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদনপত্র জমা নেওয়ার জন্য একটি বিশেষ ড্রপ বক্স স্থাপন করা হয়েছে। এর ফলে এলাকার সাধারণ মানুষ ও উপভোক্তাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে মনে করা হচ্ছে।

প্রশাসন সূত্রে খবর, অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে অনেকেই ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তবে সেই অনলাইন কপির হার্ড কপি জমা দেওয়া নিয়ে পঞ্চায়েত কার্যালয়ে প্রতিদিন উপভোক্তাদের লম্বা লাইন দিতে হচ্ছিল। ভিড় সামলাতে এবং সাধারণ মানুষের সময় বাঁচাতে পঞ্চায়েত কর্তৃপক্ষের এই অভিনব উদ্যোগ। এখন থেকে আবেদনকারীরা যে কোনো সময়ে এসে তাঁদের ফর্মটি এই বক্সে ফেলে দিতে পারবেন।

পঞ্চায়েতের উপপ্রধান জানান, “সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই বক্সটি বসানো হয়েছে। এতে একদিকে যেমন কাজের গতি বাড়বে, অন্যদিকে লাইনে দাঁড়িয়ে থাকার ঝামেলা থেকেও মানুষ রেহাই পাবেন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে বক্সটি খুলে আবেদনপত্রগুলি যাচাইয়ের জন্য পাঠানো হবে।” পঞ্চায়েতের এই তৎপরতায় খুশি স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *