
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- বাম আমলের রাজনৈতিক হিংসার প্রসঙ্গ তুলে গড়বেতার মাটি থেকে একাধিক বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। শনিবার গড়বেতা BDO অফিস সংলগ্ন ময়দানে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচির জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রামের রক্তাক্ত ঘটনার মামলা পুনরায় খোলার ঘোষণা করেন তিনি। শুভেন্দু অধিকারীর বক্তব্য, গড়বেতার সিপিআইএমের দলীয় কার্যালয় থেকে যারা বন্দুক নিয়ে নন্দীগ্রামে রক্তাক্ত সূর্যোদয় ঘটাতে গিয়েছিল, সেই ঘটনার মামলা নতুন করে খোলা হবে। একইসঙ্গে বাম আমলের দাপুটে নেতা শুকুর আলি ও তপন ঘোষের প্রসঙ্গ তুলে অতীতের রাজনৈতিক সংঘাতের কথাও স্মরণ করান তিনি।
চন্দ্রকোনারোডে সুশান্ত ঘোষকে ঘিরে অতীতের রাজনৈতিক সংঘাতের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, তিন দিনের মধ্যে সেখানে গিয়ে সুশান্ত ঘোষের বুকের উপর দাঁড়িয়ে সভা করে এসেছিলেন তিনি। তাঁর কটাক্ষ, এখন তৃণমূল ও সিপিআইএম কার্যত মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। দুই পক্ষ মিলে ফের নৈরাজ্য তৈরির চেষ্টা করছে। এই দিন আরও বড় ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। ১৯৯৮ সাল থেকে রাজনৈতিক হিংসায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের একজন সদস্যকে গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি আলু চাষি ও আলু ব্যবসায়ীদের জন্য পৃথক প্যাকেজ ঘোষণার কথা জানান। তাঁর অভিযোগ, আলু চাষি ও ব্যবসায়ীদের উপর অতীতে নানা ধরনের অত্যাচার হয়েছে। তার ক্ষতিপূরণ দেবে সরকার। বিজেপি সরকার থাকাকালীন আর কোনও দিন রাজ্যের সীমানায় আলুবোঝাই গাড়ি আটকানো হবে না বলেও আশ্বাস দেন তিনি।
গড়বেতাকে মহকুমা করার আশ্বাসও দেন শুভেন্দু। তাঁর বক্তব্য, একসময় গড়বেতা মহকুমা ছিল, কিন্তু সুশান্ত ঘোষ, শুকুর আলি ও তপন ঘোষরা সেই মহকুমার মর্যাদা তুলে দিয়েছিলেন।
এছাড়াও মা সর্বমঙ্গলা মন্দিরের সংস্কারে একাধিক পদক্ষেপ, খড়গপুর চৌরঙ্গী থেকে বাঁকুড়া পর্যন্ত ফোর লেন রাস্তা নির্মাণ এবং খড়কুশমার লোখাটাপোল পাকাপোক্তভাবে তৈরির আশ্বাস দেন তিনি। উল্লেখ্য, বর্ষাকালে অতি ভারী বৃষ্টির কারণে কাঠের তৈরি ওই পোল ক্ষতিগ্রস্ত হওয়ায় সমস্যায় পড়েন আশপাশের একাধিক গ্রামের কয়েক হাজার মানুষ। এই দিনের সভা থেকে কঙ্কালকাণ্ডের প্রসঙ্গ তুলেও সিপিআইএমকে নিশানা করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, তৃণমূলের নাম ও নিশান মুছে গেলেও রাজনৈতিক হিংসার সঙ্গে যুক্ত পুরনো অভিযুক্তরা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সবশেষে জেলা পুলিশ সুপারকে উদ্দেশ্য করে তপন ঘোষকে গ্রেপ্তারের নির্দেশ দেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে, গড়বেতার সভা থেকে বাম আমলের রাজনৈতিক হিংসার মামলা পুনরায় খোলা থেকে শুরু করে উন্নয়ন, কর্মসংস্থান ও কৃষকদের স্বার্থে একাধিক ঘোষণা—সবকিছু মিলিয়ে এই দিনের জনসভা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।












Leave a Reply