হাওড়ায় ‘মণিকর্ণী আখ্যান’-এর সাংবাদিক কর্মশালা : সত্যনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার বার্তা প্রবীণদের কণ্ঠে।

হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- হাওড়া জেলার আন্দুলের দয়ানন্দ সরস্বতী হিন্দি বিদ্যালয়ের সভাগৃহে ‘মণিকর্ণী আখ্যান’ পত্রিকার উদ্যোগে এক বর্ণাঢ্য ‘সাংবাদিক কর্মশালা’ অনুষ্ঠিত হয়। সাংবাদিকতার নীতি, আদর্শ, নিরপেক্ষতা এবং সমাজের প্রতি সংবাদমাধ্যমের দায়বদ্ধতা নিয়ে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং নবীন-প্রবীণ সাংবাদিকরা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সাংবাদিক বিভূ মুখোপাধ্যায়, বিশিষ্ট শিক্ষাবিদ ব্রজেন ধর এবং সমাজবাদী নেতা ও সমাজকর্মী অশোক দাস। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মলয় শুর, বাবু শেখ, বলাইচন্দ্র ধাড়া, প্রণব ভট্টাচার্য, স্বরূপ নন্দী-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘মণিকর্ণী আখ্যান’ পত্রিকার সম্পাদক জুলাই দাস মুখোপাধ্যায়। পত্রিকার অন্যতম কর্ণধার শুভঙ্কর মুখোপাধ্যায়-সহ বিশিষ্টজনরাও কর্মশালায় অংশগ্রহণ করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে সমাজের স্বার্থে সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও নির্ভীক সাংবাদিকতার গুরুত্বের ওপর বিশেষ জোর দেন। সমাপনী ভাষণে অশোক দাস বলেন, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আদর্শ সাংবাদিকতার যে দৃষ্টান্ত অশোক কুমার সরকার, গৌরকিশোর ঘোষ, বরুণ সেনগুপ্ত, জ্যোতির্ময় ভট্টাচার্য, কুলদীপ নায়ার এবং রঞ্জিত রায়ের মতো কিংবদন্তি সাংবাদিকরা স্থাপন করে গেছেন, তা আগামী প্রজন্মের কাছে চিরকাল অনুকরণীয় হয়ে থাকবে। তাঁদের নাম সাংবাদিকতার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

বর্ষীয়ান সাংবাদিক বিভূ মুখোপাধ্যায় তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ে এমন একটি কর্মশালার আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর মতে, নবীন সাংবাদিকদের জন্য এই উদ্যোগ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

উল্লেখযোগ্যভাবে, কর্মশালায় নতুন প্রজন্মের বহু সাংবাদিকের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। অংশগ্রহণকারীদের মতে, সাংবাদিকতার আদর্শ, দায়িত্ববোধ এবং পেশাগত নৈতিকতা নিয়ে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *