
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: সাধারণ মানুষ ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন কি না এবং বিক্রেতারা নির্ধারিত দামে পণ্য বিক্রি করছেন কি না, তা খতিয়ে দেখতে দাসপুরের গোবিন্দনগর (কালিবাজার) মার্কেটে সরেজমিনে পরিদর্শন করল মহকুমা প্রশাসন।
এদিন বাজারের বিভিন্ন ভুসিমাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন প্রশাসনের আধিকারিকদের নিয়ে গঠিত বিশেষ দল। দোকানগুলিতে পণ্যের দাম এবং ক্রেতাদের কাছ থেকে নেওয়া বিক্রয়মূল্য সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়।
দীর্ঘক্ষণ ধরে চলে এই পর্যবেক্ষণ ও নজরদারি। বাজারে কোনও বিক্রেতা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছেন কি না এবং সাধারণ ক্রেতারা সঠিক মূল্যে তাঁদের প্রয়োজনীয় সামগ্রী পাচ্ছেন কি না, সেই বিষয়গুলির ওপর বিশেষ নজর দেওয়া হয়।
প্রশাসনের এই উদ্যোগে বাজারের ব্যবসায়ীদের মধ্যেও সতর্কতা দেখা যায়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত করতেই এই ধরনের নজরদারি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।
স্থানীয়দের আশা, প্রশাসনের এই ধরনের নিয়মিত নজরদারির ফলে বাজারে পণ্যের দামে স্বচ্ছতা বজায় থাকবে এবং ক্রেতাদের অতিরিক্ত দামের বোঝা বহন করতে হবে না।












Leave a Reply