
বৈষ্ণবনগর, নিজস্ব সংবাদদাতা:- বৈষ্ণবনগর বিধানসভার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর রোড চর সুজাপুরে রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় তিন বছর ধরে রাস্তার একই অবস্থা। বর্ষার জল জমে রাস্তা পরিণত হয়েছে কার্যত জলাশয়ে। কোথাও হাঁটুসমান জল, কোথাও কাদা—চলাচল করাই দায় হয়ে উঠেছে সাধারণ মানুষের।
রাস্তার এই দুরবস্থার প্রতিবাদে এবার অভিনব পন্থা বেছে নিলেন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় জমে থাকা জলে জাল ফেলে মাছ ধরে প্রতিবাদ দেখালেন তাঁরা। তাঁদের দাবি, রাস্তা যদি রাস্তা না থেকে নদীর চেহারা নেয়, তাহলে সেই রাস্তায় মাছ ধরাই বাকি থাকে!
স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা টাউনশিপ থেকে পারলালপুর যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। পাশেই রয়েছে চর সুজাপুর হাই স্কুল, চর সুজাপুর হাট এবং হাসপাতাল-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। পড়ুয়া থেকে শুরু করে রোগী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ—প্রয়োজনে সকলকেই এই রাস্তার উপর নির্ভর করতে হয়।
অথচ দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। জল-কাদায় পথের পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, তিন বছর ধরে রাস্তার এই হাল দেখেও কেন স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে না?
অবিলম্বে রাস্তা সংস্কার করে সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক করার দাবি জানিয়েছেন চর সুজাপুরের বাসিন্দারা। তাঁদের সাফ কথা, প্রতিশ্রুতি নয়, এবার চাই চলাচলের উপযোগী রাস্তা।












Leave a Reply