
মালদা, নিজস্ব সংবাদদাতা:—-মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি আগস্ট মাসে ৮৯ জন শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করল রাজ্যের বিশেষজ্ঞ টিম। শনিবার সাংবাদিক বৈঠকে বিশেষজ্ঞ টিমের চেয়ারম্যান চিকিৎসক প্রলয় আচার্য জানান, এক মাসে ৮৯ জন শিশুর মৃত্যু কোনওভাবেই স্বাভাবিক ঘটনা নয়, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, শিশু মৃত্যুর নেপথ্যে একাধিক কারণ উঠে এসেছে। তার মধ্যে অন্যতম অপুষ্টি। এছাড়াও জন্মের পর শ্বাসকষ্ট, হৃদরোগজনিত সমস্যা, জন্ডিস এবং কম ওজন নিয়ে জন্মানো শিশুদের মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। প্রতিটি ঘটনার চিকিৎসা সংক্রান্ত নথি ও রিপোর্ট বিস্তারিতভাবে পর্যালোচনা করছে বিশেষজ্ঞ দল।
চিকিৎসক প্রলয় আচার্যের দাবি, জেলা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের কিছু ঘাটতি রয়েছে। পাশাপাশি পরিকাঠামো ও পরিষেবার ক্ষেত্রেও বেশ কিছু অভাব লক্ষ্য করা গিয়েছে। এসব বিষয় নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হবে। রিপোর্টের ভিত্তিতেই আগামী দিনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।












Leave a Reply