বাড়িতে ঢুকে ২৪ লক্ষ টাকা ও ২৫ ভরি সোনা নিয়ে চম্পট, মালদায় চাঞ্চল্য।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – বাড়িতে ঢুকে ২৪ লক্ষ টাকা নগদ এবং প্রায় ২৫ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে, ইংরেজবাজার থানার গাবগাছি যদুপুর এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই সমস্ত বিবরণ জানিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জমি ব্যবসায়ী সইদুর রহমান।
জানা গিয়েছে, এদিন সকালে সইদুর রহমান নিচের ঘর থেকে উপরের তলার শৌচালয়ে যান। সেই সময় তাঁর স্ত্রী হাসনা বানু এবং মেয়ে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ঢুকে তাঁরা দেখতে পান, আলমারিতে রাখা নগদ টাকা ও সোনার গয়না নেই। অভিযোগ, সেই সুযোগেই দুষ্কৃতীরা ঘরে ঢুকে টাকা ও গয়না নিয়ে পালিয়ে যায়।
পরিবারের দাবি, আলমারি বা ঘরের কোনও জিনিসপত্র ভাঙচুর করা হয়নি। নির্দিষ্ট জায়গায় রাখা টাকা ও গয়না অনায়াসেই নিয়ে যাওয়া হয়েছে। তাই তাঁদের সন্দেহ, পরিচিত কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। ঘটনায় আতঙ্কিত পরিবার থানায় অভিযোগ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *