
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাতের অন্ধকারে বিজেপির পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের হাটপুকুর এলাকায়। আক্রান্ত পঞ্চায়েত সদস্য শেখ আরিফুল আলম ওরফে ডালিমের মাথায় একাধিক গভীর ক্ষত হয়েছে বলে জানা গেছে। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ক্ষীরপাই হাসপাতালে এবং পরে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগ, গতকাল রাতে কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে চন্দ্রকোনা থানার পুলিশ। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।
তবে এরই মধ্যে ঘটনাকে ঘিরে উঠে এসেছে পাল্টা দাবি। হাটপুকুর বুথের কয়েকজন বাসিন্দার অভিযোগ, পুলিশের আটক করা দীপঙ্কর রায় নামে যুবক ঘটনার সঙ্গে জড়িত নন এবং তাঁকে ফাঁসানো হচ্ছে। তাঁদের দাবি, এলাকায় একটি পারিবারিক ঘটনাকে কেন্দ্র করেই মারধরের ঘটনা ঘটে। পাশাপাশি বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেও মারধরের অভিযোগ উঠেছে।
ফলে পঞ্চায়েত সদস্য আক্রান্তের ঘটনায় এখন সামনে এসেছে পরস্পরবিরোধী দাবি। ঠিক কী কারণে এই সংঘর্ষ এবং কারা হামলার সঙ্গে যুক্ত, তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।












Leave a Reply