
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দুর্গাপুজোয় সিপিআইএমের বইয়ের স্টল ঘিরে বিতর্ক। বনগাঁয় পুজোর সময় সিপিআইএমের বইয়ের স্টল করার অনুমতি দেওয়া নিয়ে আদালতের নির্দেশ প্রসঙ্গে এবার কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার মেদিনীপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।
দিলীপ ঘোষ বলেন, সবাই স্টল করতে পারেন। এতদিন ধরে যাঁরা স্টল করে আসছেন, তাঁরাও করুন। তবে তাঁর দাবি, এই বইয়ের স্টলে বিক্রি বিশেষ হয় না। দীর্ঘ ২৫ বছর ধরে একই ধরনের বই রাখা হচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি। তাঁর মতে, এই স্টলকে বইয়ের প্রদর্শনী বলাই ভালো। পাশাপাশি, এই বিষয় নিয়ে বিতর্ক তৈরি করে খবরের শিরোনামে আসার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, বনগাঁয় দুর্গাপুজোর সময় সিপিআইএমের বইয়ের স্টল করার অনুমতি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ অনুমতি দেওয়ার পাশাপাশি পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য।
আদালতের নির্দেশ এবং দিলীপ ঘোষের এই মন্তব্যকে ঘিরে পুজোর আবহে রাজনৈতিক তরজা নতুন মাত্রা পেল।












Leave a Reply