পুজোর রাতে হরিশ্চন্দ্রপুরে মদ পাচারের চেষ্টা ব্যর্থ, দেড় লক্ষ টাকার বিদেশি মদ-সহ গ্রেপ্তার দুই যুবক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—পুজোর মধ্যে বড়সড় সাফল্য। মদ পাচারকারীদের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের কড়া নজরদারি অব্যাহত। পুলিশের তৎপরতায় ফের ভেস্তে গেল আন্তঃরাজ্য মদ পাচারের পরিকল্পনা। শুক্রবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুরের পিপলা এলাকা থেকে চারচাকা গাড়ি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় বিহারের ভাগলপুর এলাকার দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম নীতেশ চৌধুরী ও সৌরভ চৌধুরী। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য দেড় লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে এলাকায় টহলদারির সময় একটি চারচাকা গাড়ির সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের। গাড়িটি থামিয়ে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিপুল পরিমাণ বিদেশি মদ। পুলিশের অনুমান, মদগুলি বিহারে পাচারের পরিকল্পনা ছিল। কিন্তু পুলিশের সতর্ক নজরদারি ও দ্রুত পদক্ষেপে সেই পরিকল্পনা সফল হওয়ার আগেই গাড়ি-সহ দুই যুবককে গ্রেফতার করা হয়।
হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের এই অভিযান ফের প্রমাণ করল, এলাকায় পাচারকারীদের বিরুদ্ধে নজরদারিতে কোনও ঢিলেমি বরদাস্ত করা হচ্ছে না। নিয়মিত টহলদারি, সন্দেহজনক যানবাহনের উপর নজর এবং সময়মতো তল্লাশির ফলে পাচারের চেষ্টা বারবার পুলিশের জালে ধরা পড়ছে। পুলিশের এই ধারাবাহিক তৎপরতা পাচারকারীদের কাছে স্পষ্ট বার্তা—আইন এড়িয়ে অবৈধ কারবার চালানোর চেষ্টা সহজে সফল হবে না। শনিবার এই ঘটনায় পুলিশের সাফল্যের কথা তুলে ধরে হরিশ্চন্দ্রপুর থানায় সাংবাদিক বৈঠক করেন মালদার পুলিশ সুপার অনুপ সিং। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষ। উদ্ধার হওয়া মদ ও আটক গাড়ির সূত্র ধরে পাচারচক্রের অন্য সদস্যদের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *