মালদায় প্রায় ২ কোটি টাকার ব্রাউন সুগার তৈরির কাঁচামাল উদ্ধার, গ্রেপ্তার অসমের তিন মহিলা।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – প্রায় ২ কোটি টাকার ব্রাউন সুগার তৈরির কাঁচামাল সহ তিন মহিলাকে গ্রেপ্তার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ৷ ধৃতদের নাম জাবরুন নেশা, জ্যোৎস্নারা বেগম, আনওয়ারা বেগম৷ ধৃতরা অসমের করিমগঞ্জ ও হোজায় জেলার বাসিন্দা৷ জিআরপি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা উদ্ধার হওয়া ব্রাউন সুগার তৈরির কাঁচামাল বিবেক এক্সপ্রেসে ডিমাপুর স্টেশন থেকে মালদা টাউন স্টেশনে নিয়ে আসছিল৷ পুরাতন মালদা স্টেশনে ট্রেনের কোনও স্টপেজ ছিল না৷ অথচ সেখানে ট্রেন দাঁড়াতেই ট্রেন থেকে নেমে পড়েন ওই তিন মহিলা৷ তাদের সঙ্গে দুটি কোলের বাচ্চাও ছিল৷ পুরাতন মালদা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ওই তিন মহিলাকে আটক করে তল্লাশি চালাতেই ১ কেজি ২৮০ গ্রাম ব্রাউন সুগার তৈরির কাঁচামাল উদ্ধার হয়৷ প্রাথমিক জেরায় ধৃতরা পুলিশকে জানিয়েছে, উদ্ধার হওয়া কাঁচামাল নিয়ে আসার জন্য তাদের ১৫ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল৷ শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *