
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রায় এক মাসের অপেক্ষার অবসান! অবশেষে কুবাই নদী থেকে উদ্ধার হল নিখোঁজ ব্যক্তির মৃতদেহ। গত ১০ অক্টোবর নদীতে তলিয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরে চলেছিল তল্লাশি। কিন্তু মেলেনি কোনও সন্ধান। অবশেষে মঙ্গলবার ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে উদ্ধার হল ৫১ বছর বয়সি ধনঞ্জয় দাসের দেহ। ঘটনায় শোকের ছায়া পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনারোডের সাতবাঁকুড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১০ অক্টোবর বিকেলে কুবাই সেতুর নীচে গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন সাতবাঁকুড়ার বাসিন্দা ধনঞ্জয় দাস। সেই সময় নদীতে নেমে তলিয়ে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, সিভিল ডিফেন্স এবং বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। কয়েকদিন ধরে নদীতে তল্লাশি চালিয়েও তাঁর কোনও খোঁজ মেলেনি। অবশেষে মঙ্গলবার ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে উড়িয়াসাই অঞ্চলের শ্যামপুর এলাকায় কুবাই নদীতে একটি মৃতদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে। পরে সেটি ধনঞ্জয় দাসের বলে শনাক্ত করা হয়।
পুলিশ সূত্রে খবর, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রায় এক মাসের উৎকণ্ঠার অবসান হলেও এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার ও এলাকাবাসী।












Leave a Reply