
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দলের অন্দরেই কি গোষ্ঠী সংঘর্ষ? দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত বিজেপি বিধায়ক! অভিযোগের তির নিজের দলেরই নেতা-কর্মীদের বিরুদ্ধে। মাথায় ব্যান্ডেজ নিয়ে হাসপাতালে ভর্তি ডেবরার বিজেপি বিধায়ক শুভাশিস ওম। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের ডেবরায়।
সোমবার সন্ধ্যায় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে কার্যত উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিধায়ক শুভাশিস ওমের অভিযোগ, দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করতেই তাঁর দলেরই কয়েকজন নেতা-কর্মী তাঁকে হেনস্থা করে এবং মারধর করে। বর্তমানে মাথায় ব্যান্ডেজ নিয়ে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
অন্যদিকে, ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস। তবে গোটা ঘটনা সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই বলেই জানান তিনি। তাঁর বক্তব্য, হাসপাতালে এসে বিধায়ককে সুস্থ অবস্থায় দেখেছেন। দলের মধ্যে কোনও সমস্যা থাকলে তা প্রকাশ্যে না এনে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া উচিত। ইতিমধ্যেই বিষয়টি জেলা ও রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
তবে সূত্রের খবর, বিধায়কের উপর হামলার ঘটনায় যাঁদের নাম উঠে আসছে, তাঁরা জেলা সভাপতি তন্ময় দাসের ঘনিষ্ঠ বলে পরিচিত। এমনকি জেলা সভাপতির ঘনিষ্ঠ কয়েকজনও মারধরের ঘটনায় আহত হয়েছেন বলে খবর।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডেবরার এসডিপিও, থানার ওসি-সহ বিশাল পুলিশ বাহিনী। আপাতত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও, সন্ধ্যা সাতটা পর্যন্ত কোনও পক্ষের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে।
এখন প্রশ্ন, দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েই কি দলের অন্দরে আক্রান্ত হলেন বিজেপি বিধায়ক? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রাজনৈতিক সমীকরণ? ডেবরার এই ঘটনা ঘিরে বিজেপির অন্দরমহলে শুরু হয়েছে নতুন করে জল্পনা।












Leave a Reply