
মালদা, নিজস্ব সংবাদদাতা:— তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন কালিয়াচক ৩ ব্লকের ১৪টি অঞ্চলের যুবসহ সভাপতি এবং ১০ জন গ্রাম পঞ্চায়েত সদস্য। তাঁদের পাশাপাশি প্রায় ৭০০ জন সাধারণ মানুষও কংগ্রেসে যোগদান করেছেন বলে দাবি দলীয় নেতৃত্বের। দক্ষিণ মালদহের সাংসদ ঈশা খান চৌধুরীর হাত ধরে কংগ্রেসের পতাকা তুলে নেন যোগদানকারীরা। এছাড়া উপস্থিত ছিলেন কালিয়াচক তিন ব্লকের কংগ্রেস সভাপতি পিনারউদ্দিন শেখ, আকমল হোসেন সহ বিশিষ্ট নেতারা।
মূলত আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই এই যোগদান কর্মসূচি বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের যুব নেতৃত্ব এবং পঞ্চায়েত সদস্যদের এই দলবদলকে ঘিরে কালিয়াচক ৩ ব্লকের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
যোগদান কর্মসূচিতে সাংসদ ঈশা খান চৌধুরী বলেন, সাধারণ মানুষ পরিবর্তন চেয়েছিলেন। কিন্তু তৃণমূলের বিদায় হলেও বাস্তবে সেই পরিবর্তন এখনও হয়নি। বৈষ্ণবনগর বিধানসভা এলাকায় ভাঙন ও বন্যা দুর্গতদের অনুদান বণ্টনে ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একসময় বৈষ্ণবনগর কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। আগামী দিনে এই বিধানসভায় ফের কংগ্রেস জয়ী হবে বলে আশাবাদী তিনি।
অন্যদিকে, যোগদানকারী তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা যুব তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট সামিউল শেখ বলেন, কেন্দ্র ও রাজ্যের স্বৈরাচারী সরকারের পরিবর্তনের লক্ষ্যেই তাঁরা কংগ্রেসে যোগদান করেছেন। আগামী দিনে এলাকায় আরও বড় যোগদান কর্মসূচি হবে বলেও জানান তিনি।












Leave a Reply