
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-গ্রামের উন্নয়নে আগামী দু’বছরের মধ্যেই আমূল পরিবর্তন! উৎসবের মরশুম শেষ হলেই রাজ্যের গ্রামগুলিতে জোরকদমে শুরু হবে উন্নয়নের কাজ। পুকুর খনন থেকে শুরু করে ড্রেন নির্মাণ, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ। এমনই আশ্বাস দিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ।
শনিবার মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি সদনে অনুষ্ঠিত হয় সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগামী দু’বছরের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত গ্রামের চেহারায় আমূল পরিবর্তন ঘটবে। উৎসবের মরশুম শেষ হলেই জোরকদমে কাজ শুরু হবে। ভিবি জি রাম জি প্রকল্পের মাধ্যমে বিভিন্ন এলাকায় পুকুর খনন, ড্রেন নির্মাণ-সহ একাধিক উন্নয়নমূলক কাজ করা হবে। এর ফলে যেমন গ্রামীণ পরিকাঠামোর উন্নয়ন হবে, তেমনই বহু মানুষের আর্থিক সংস্থানের সুযোগ তৈরি হবে।
অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং দলের গুরুত্বপূর্ণ নথি লোপাটের আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার বিষয়েও মুখ খুললেন দিলীপ ঘোষ। অভিষেকের প্রাণনাশের আশঙ্কার প্রসঙ্গ টেনে কটাক্ষ করে তিনি বলেন, আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন তাঁকে মেরে ফেলার চক্রান্ত চলছে, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই একই কথা বলছেন। পুলিশি নিরাপত্তার মধ্যে থাকলে সুরক্ষিত, বাইরে থাকলে হয়তো তৃণমূলের লোকেরাই মেরে ফেলত।
পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবন থেকে চিঠি পাঠানোর প্রসঙ্গেও কটাক্ষ করেন মন্ত্রী। তাঁর মন্তব্য, ‘যান, চা খান, ঘুরে আসুন। অনেকবার ওঁকে ডাকে, ইডি-সিবিআই ডাকে। এরকম ডাকাডাকি এখন চলতেই থাকবে।’
এদিকে, জঙ্গলমহলে হাতির তাণ্ডব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, প্রতি বছর ধান পাকার মরশুমে হাতির হানায় বিপর্যস্ত হন জঙ্গলমহলের মানুষ। হাতি তাড়াতে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটে, পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়। এই সমস্যা মোকাবিলায় আলিপুরদুয়ার জেলায় চালু হওয়া একটি বিশেষ প্রকল্প জঙ্গলমহলেও চালুর দাবি জানিয়েছেন তিনি। কেন এখানে সেই প্রকল্প চালু হয়নি, তা নিয়ে বনদপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান মন্ত্রী।
গ্রামীণ উন্নয়নের প্রতিশ্রুতি, অভিষেককে ঘিরে রাজনৈতিক কটাক্ষ এবং জঙ্গলমহলে হাতির সমস্যা—একাধিক ইস্যুতে এদিন মেদিনীপুর থেকে সরব হলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ।












Leave a Reply