
কালনা, নিজস্ব সংবাদদাতা: লোকালয়ের মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ চোলাই মদের কারবার চলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কালনা থানার অন্তর্গত নান্দাই পঞ্চায়েতের উত্তর রামেশ্বরপুর এলাকায়। শনিবার অভিযুক্তের বাড়িতে চড়াও হন স্থানীয় বাসিন্দারা। সেখান থেকে প্রায় ৩০ ড্রাম অবৈধ চোলাই মদ উদ্ধার করে তা ফেলে দেন এলাকাবাসীরা বলে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার গোবিন্দ বাগ নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদের কারবার চালাচ্ছেন। তাঁদের আরও অভিযোগ, শুক্রবার এলাকায় আবগারি দপ্তরের কর্মীরা অভিযান চালাতে এলেও অভিযুক্তের সঙ্গে কথা বলে কোনও ব্যবস্থা না নিয়েই ফিরে যান। এমনকী, এক যুবতী সেই ঘটনার ভিডিও করতে গেলে তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে দেওয়া হয় বলেও অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
এরপর শনিবার ক্ষুব্ধ এলাকাবাসীরা অভিযুক্তের বাড়িতে যান। সেখানে চোলাই মদের ড্রাম দেখতে পেয়ে সেগুলি ফেলে দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধাত্রীগ্রাম ফাঁড়ির পুলিশ। পুলিশ অভিযুক্ত গোবিন্দ বাগ-সহ আরও এক ব্যক্তিকে আটক করে নিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। লোকালয়ের মধ্যে কীভাবে এতদিন ধরে এই অবৈধ মদের কারবার চলছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। পাশাপাশি আবগারি দপ্তরের ভূমিকা নিয়েও উঠেছে অভিযোগ।












Leave a Reply