
পুরশুড়া, নিজস্ব সংবাদদাতা: কৃষকদের সম্মান ও কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে সোমবার বিকেলে পুরশুড়ায় এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয়।
পুরশুড়া বিধানসভার বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে আয়োজিত এই মিছিলে বিজেপির দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি এলাকার বহু কৃষক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সামন্ত রোডে জমায়েতের পর পদযাত্রাটি শুরু হয়ে সোদপুর মসিনান মাঠে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারী কৃষকদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড ও দলীয় পতাকা। স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে বহু মানুষ পদযাত্রাকে স্বাগত জানান।
বিধায়ক বিমান ঘোষ বলেন, “কৃষকরা আমাদের অন্নদাতা। কেন্দ্র ও রাজ্য সরকার কৃষকদের পাশে রয়েছে, তারই প্রমাণ এই জনমুখী প্রকল্পগুলি। আজকের এই মিছিল কৃষকদের ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ।”
এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগর, সিঙ্গুরের বিধায়ক ডাঃ অরূপ কুমার দাস, বিজেপি কনভেনর মনোজ পাণ্ডে-সহ বিভিন্ন মণ্ডল সভাপতি এবং মহিলা মোর্চার সভানেত্রীরা।












Leave a Reply