দলের কর্মসূচিতে যোগ দিতে এসে গো ব্যাক স্লোগান শুনতে হল সাংসদ সুভাষ সরকারকে।

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ দলের কেন্দ্রীয় কর্মসমিতির অন্যতম সদস্য মিঠুন চক্রবর্ত্তীর উপস্থিতিতে বাঁকুড়ার দুর্লভপুরে এক কর্মসূচীতে এসে ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হলো বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারকে। দলীয় কর্মসূচীর বাইরে দীপক চক্রবর্ত্তী নামে এক ব্যক্তি বিজেপির পতাকা নিয়ে ‘গো ব্যাক সুভাষ সরকার’ স্লোগান দিতে থাকেন। তাঁর দাবি, তিনি নিজে একজন বিজেপি কর্মী। সুভাষ সরকার কোন কাজ করেননি বলেও তার দাবি।

এই ঘটনার পর উপস্থিত অন্যান্য বিজেপি কর্মীরা ঐ যুবককে ব্যাপককে মারধোর করেন। তার হাতে থাকা বিজেপি পতাকা কেড়ে নিয়ে সেই লাঠি দিয়েও মারধোরের ছবি ধরা পড়ে উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরায়।

মারধোরের বিষয়টিকে সমর্থন করেছেন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। তিনি বলেন, তৃণমূল মদ খাওয়ার পয়সা দিয়ে ওকে পাঠিয়েছে। তৃণমূলের পায়ের তলায় মাটি সরে গেছে, শিক্ষা মন্ত্রকটাই জেলে, তাই এসব করছে। একই সঙ্গে তিনি বলেন, আরো মারা উচিৎ ছিল। মেরে থানায় ঢোকানো উচিৎ বলেও তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *